রাজধানীতে শিশু রামিসা হত্যাকাণ্ড, দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রশিবির।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভ মিছিল নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড গোটা সমাজব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে দেশে শিশু, নারী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
তিনি দ্রুততম সময়ের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে রামিসা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের পর সংঘটিত হত্যা, ধর্ষণ ও নৃশংস ঘটনার বিচার দাবি করেন।
শহীদুল ইসলাম সাজু আর বলেন, দেশে চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। জনগণ শান্তিশৃঙ্খলা প্রত্যাশা করলেও বর্তমান সরকার সে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আবারও দখলদারি ও সিট বাণিজ্যের রাজনীতি ফিরে এসেছে। মেধাবী শিক্ষকদের সরিয়ে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নেতৃত্বশূন্য করা হচ্ছে।”
সিলেটে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এখনো নতুন করে গ্রাফিতি অঙ্কন করা হয়নি, যা জুলাই গণঅভ্যুত্থানের প্রতি অবমাননার শামিল।
সিলেট মহানগর ছাত্রশিবিরের প্রশিক্ষণ সম্পাদক কলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।
মিছিলে মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।



