চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দহুদা গ্রামে অভিযান চালান চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক কবির উদ্দিন তালুকদার। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামের মরহুম আব্দুল মজিদের ছেলে আব্দুস সালাম (৪২), খাঁনপাড়ার আনসার আলীর ছেলে কাবিল উদ্দিন (৪০), মুক্তারপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে জামাত আলী (৫৭), একই গ্রামের মরহুম শহিদুল ইসলামের ছেলে রহিম মিয়া (৩৫) এবং গোবিন্দহুদা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে আনারুল শেখ (৪৫)।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। স্থানীয়ভাবে তারা দীর্ঘদিন ধরে মাদক সেবনের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
উপপরিদর্শক কবির উদ্দিন তালুকদার বলেন, ‘সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



