লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির (৪৮) সহ দুইজনকে পাঁচ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আসামিদের উপস্থিতিতে লালমনিরহাট আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো: রওশন আলম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির এবং একই এলাকার রইছবাগ টিপের বাজার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সেকেন্দার আলী (৪৫)।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৬ মে একটি পিকআপ ভ্যানে ভুট্টার আড়ালে ৩৪৪ বোতল ফেনসিডিল ঢাকায় নেয়ার সময় লালমনিরহাট ট্রাকস্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন আহমেদ কবির ও সেকেন্দার আলীকে আটক করে।
এ ঘটনায় লালমনিরহাট সদর থানার এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
সেই মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
ওই রায়ে বলা হয়, মাদকদ্রব্য পরিবহনের দায়ে হুমায়ুন আহমেদ কবির ও সেকেন্দার আলী প্রত্যেককে পাঁচ বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার পরে আসামিদের লালমনিরহাট কারাগারে পাঠায় পুলিশ।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আইনজীবী জিন্নাত আরা ফেরদৌসী রোজি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকমুক্ত বাংলাদেশ করতে এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।



