মাদারীপুরের শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে বিনামূল্যে বাস সার্ভিসের উদ্যোগ নিয়েছে কলেজ শাখা ছাত্রদল। কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হিমেল মাতুব্বরের উদ্যোগে শিবচর-পাঁচ্চর ও শিবচর-শেখপুর রুটে চলাচলকারী শিক্ষার্থীরা এখন থেকে ফ্রি যাতায়াত করতে পারবে।
আগামী রোববার (১৭ মে) থেকে পাঁচ্চর ও শেখপুর এলাকা থেকে আসা শিক্ষার্থীদের জন্য বিনা ভাড়ায় বাস সার্ভিস চালু করা হবে।
জানা গেছে, কাঁওড়াকান্দি পুরাতন ঘাট, শেখপুর ও পাঁচ্চর এলাকা থেকে প্রতিদিন বহু শিক্ষার্থী সরকারি বরহামগঞ্জ কলেজে যাতায়াত করেন। আর্থিক সঙ্কটের কারণে অনেকেই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারেন না। এতে তাদের উপস্থিতির হারও কম ছিল। এ সমস্যা সমাধানে ছাত্রদল নেতা হিমেল স্থানীয় বাস মালিকদের সাথে আলোচনা করেন।
তার উদ্যোগে আনন্দ পরিবহন বাসে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীরা কলেজের আইডি কার্ড দেখালেই এ সুবিধা নিতে পারবেন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, এতে নিয়মিত ক্লাসে অংশ নেয়া সহজ হবে এবং যাতায়াত ব্যয় কমে শিক্ষার্থীদের আর্থিক চাপও কিছুটা লাঘব হবে।
স্থানীয়ভাবে এ উদ্যোগকে শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই। তারা বলছেন, এতে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমবে এবং দরিদ্র শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশ নিতে উৎসাহিত হবে।
এ বিষয়ে হিমেল মাতুব্বর দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘সরকারি বরহামগঞ্জ কলেজে অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী পড়াশোনা করে। দূর-দূরান্ত থেকে আসায় তাদের যাতায়াতে বাড়তি খরচ হয়। আর্থিক অসচ্ছলতার কারণে অনেক সময় তারা নিয়মিত কলেজে আসতে পারেন না।’
রোববার থেকে পাঁচ্চর ও শেখপুর এলাকা থেকে আসা শিক্ষার্থীদের জন্য বিনা ভাড়ায় বাস সার্ভিস চালু করা হচ্ছে বলেও জানান তিনি।



