বর্তমান সরকারের প্রথম বাজেট হবে ব্যবসাবান্ধব, বিনিয়োগবান্ধব ও জনবান্ধব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শুক্রবার (২৯ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. তিতুমীর বলেন, “দেশে এখনও অনেক ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম্য রয়েছে। বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী বাজেটে ব্যবসা, বিনিয়োগ ও নীতির ধারাবাহিকতা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।”
তিনি বলেন, অবহেলিত অঞ্চলে শিল্পায়ন, উৎপাদন ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ প্রণোদনা দেওয়া হবে। বন্ধ শিল্প-কারখানা চালু করতে স্বল্প সুদে ঋণ সুবিধাও দেয়া হবে। পাশাপাশি নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ও কুটির শিল্প খাতকে বিশেষ সহায়তা দেয়া হবে।
অর্থ উপদেষ্টা জানান, সরকার ইতোমধ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, “রাজবাড়ীতে শিল্পায়নের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ অক্সিজেন কোম্পানির জন্য নির্ধারিত এলাকাকে কীভাবে শিল্পাঞ্চলে রূপ দেয়া যায়, সে বিষয়েও কাজ করা হবে।”
তিনি আরো বলেন, রাজবাড়ীতে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে সরকার গুরুত্ব দিচ্ছে। যুব বেকারত্ব কমাতে এবং নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে।
ড. তিতুমীর বলেন, “জেলায় বিসিক শিল্পনগরীর অনেক প্লট ব্যবহার হচ্ছে না। কর্মসংস্থান বাড়াতে নতুন শিল্প-কারখানা গড়ে তোলা জরুরি। এ কারণে বর্তমান সরকার শিল্পায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।”
তিনি স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। বলেন, সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। একই সঙ্গে কর্মসংস্থানমুখী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং সিভিল সার্জন ডা. এস এম মাসুদ।



