নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাহ্মণবাড়িয়াগামী সৌদি প্রবাসীর প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশ।
জানা যায়, সৌদি প্রবাসী হিমু আক্তার সপরিবারে প্রাইভেটকারে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দি যাচ্ছিলেন।
প্রবাসী হিমু আক্তার জানান, পুলিশ পরিচয়ে পাঁচজনের একটি দল প্রথমে তাদের প্রাইভেটকারের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তার সাথে থাকা ছয় ভরি স্বর্ণালংকার, চার হাজার সৌদি রিয়াল, তিনটি মোবাইলফোন ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাতদের হামলায় হিমু আক্তার ও তার ভাই মাহিন মিয়া আহত হন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের আগেই ডাকাতরা অপর একটি সাদা রঙের মাইক্রোবাসে ঢাকার দিকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় হিমু আক্তার রূপগঞ্জ থানায় মামলা করতে গেলে মামলা না করে পুলিশ সাধারণ ডায়েরি করতে নির্দেশ দেন। পরে মামলা করতে ব্যর্থ হয়ে হিমু আক্তার তার গ্রামের বাড়ি চলে যান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন কথা বলতে অনীহা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সৌদি প্রবাসী হিমু আক্তারের প্রাইভেটকারে ডাকাতির ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, চলতি এপ্রিল মাসে রূপগঞ্জে এ নিয়ে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটল।



