গাজীপুরের শ্রীপুরে আগুনে পোশাক শ্রমিকদের ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরমালিক ও ভাড়াটিয়া শ্রমিকদের প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ফখরুদ্দিন মোড়ে আব্দুল কাদিরের মালিকানাধীন একটি বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ১৮টি ঘরের প্রতিটিতেই স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
বাড়ির মালিক আব্দুল কাদির জানান, একটি ভাড়াটিয়া কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই সংলগ্ন ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জামালপুরের ইসলামপুর এলাকার বাসিন্দা এবং ফখরুদ্দিন টেক্সটাইল মিলসের ডেনিমেক গার্মেন্টসের শ্রমিক নাসরিন ও মানিক সরকার দম্পতির। তাদের জমানো নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র পুড়ে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া চাঁদপুরের মতলবের শ্রমিক দম্পতি আসমা-আব্দুল জলিলের প্রায় দুই লাখ টাকা এবং গাইবান্ধার ফুলছড়ির রুনা আক্তার-সবুজ দম্পতির দেড় লাখ টাকার মালামাল পুড়েছে। একই কারখানার আরেক শ্রমিক বেদেনা আক্তারেরও প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার পর গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল করিম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।



