নোয়াখালীতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

মাহিন নিজ বাড়ির সামনে বন্ধুদের সাথে কথা বলছিলেন। এ সময় দু’টি সিএনজিচালিত অটোরিকশায় মুখোশধারী চার থেকে পাঁচজন সেখানে এসে মাহিনকে লক্ষ্য করে গুলি চালায়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
গুলিবিদ্ধ জামায়াত কর্মী
গুলিবিদ্ধ জামায়াত কর্মী |নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪) নামে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মাহিন উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ও বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে মাহিন নিজ বাড়ির সামনে বন্ধুদের সাথে কথা বলছিলেন। এ সময় দু’টি সিএনজিচালিত অটোরিকশায় মুখোশধারী চার থেকে পাঁচজন সেখানে এসে মাহিনকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে একইস্থানে আরো একটি গুলি করা হয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি আবু জায়েদ ও সেক্রেটারি আবদুর রহিম।

বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: হাবীবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’