দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আজিমুল ইসলামের মৃত্যু হয়।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Chuadanga
বজ্রপাতে দু’জনের মৃত্যু
বজ্রপাতে দু’জনের মৃত্যু |প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১২ থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আজিমুল ইসলাম (১৩) ও জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মাঠপাড়ার বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে রাসেল আলী (২৫)।

পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মো: খাইরুল বাশার জানান, আজিমুল ইসলামের বাবা মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আজিমুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মো: তরিকুল ইসলাম জানান, রাসেল আলী ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলাইমান ও দর্শনা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হিমেল রানা বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।