কুমিল্লার গ্রামে প্রথমবারের মতো বিনামূল্যে ‘হেপাটাইটিস বি’ পরীক্ষা করা হয়েছে। কুমিল্লা লিভার ক্লাব এই আয়োজন করে।
শুক্রবার (১০ এপ্রিল) জেলার লাকসাম উপজেলার মনপাল গ্রামের মোল্লা বাড়িতে এই আয়োজন করা হয়। এছাড়া বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা লিভার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা: মোহাম্মদ ইজাজুল হক।
বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি প্রকৌশলী গোলাম সারোয়ার, লুৎফুল বারী চৌধুরী হিরু, সহ-সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ও ট্রেজারার আবদুল হালিম মোল্লা।
উপস্থাপনা করেন সংগঠনের নির্বাহী সদস্য মহিউদ্দিন মোল্লা।
ডা: মোহাম্মদ ইজাজুল হক তার বক্তব্যে বলেন, হেপাটাইটিস বি হলো একটি মারাত্মক ভাইরাল সংক্রমণ, যা লিভারকে আক্রমণ করে। এতে লিভার সিরোসিস বা ক্যান্সারের কারণও হতে পারে। বাংলাদেশে বর্তমানে ৩০ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত, যাদের অর্ধেকের লিভারে রয়েছে দীর্ঘ মেয়াদী প্রদাহ বা ন্যাশ। এদের অনেকেই ভবিষ্যতে লিভার সিরোসিস বা ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।
এই সেবা পেয়ে খুশি হন গ্রামের শতাধিক মানুষ। গ্রামের নুর মিয়া মোল্লা,অহিদুল ইসলাম ও জাহানারা বেগম বলেন, এই প্রান্তিক গ্রামে চিকিৎসা সেবা তেমন পাওয়া যায় না। মাঝে মধ্যে চিকিৎসা সেবা পাওয়া গেলেও বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা এবারই প্রথম। দামি পরীক্ষাটি বিনামূল্যে পেয়ে আমাদের উপকার হয়েছে।
এছাড়া বিনামূল্যে হেপাটাইটিস ও ডায়াবেটিস সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত পেয়েছি।



