লৌহজংয়ে বসতবাড়িতে আগুন : ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় নির্বাপণ

ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও দক্ষ পদক্ষেপের ফলে আশপাশের আরো অনেক বসতবাড়ি আগুনের বিস্তার থেকে রক্ষা পেয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
দুটি টিন ও কাঠের নির্মিত বসতঘর ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়
দুটি টিন ও কাঠের নির্মিত বসতঘর ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয় |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বসতবাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় সোয়া এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৩ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার কনকসার এলাকার বটতলা এলাকায় দুটি বসতবাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।

তাৎক্ষণিকভাবে লৌহজং ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও দক্ষ পদক্ষেপের ফলে আশপাশের আরো অনেক বসতবাড়ি আগুনের বিস্তার থেকে রক্ষা পেয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ও লৌহজং ফায়ার সার্ভিসের ওয়্যায়হাউজ ইন্সপেক্টর মো: সুমন আলী নয়া দিগন্তকে জানান, রাত সোয়া ৮টায় ওই আগুন লাগার সংবাদ পায় লৌহজং ফায়ার স্টেশন।

তাৎক্ষণিকভাবে লৌহজং ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় রাত পৌণে ১০টায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণরূপে নির্বাপণ করতে সক্ষম হয়।

এরই মধ্যে মানিক ভবতোষ বর্মন ও দীপক মালোর দুটি টিন ও কাঠের নির্মিত বসতঘর ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে তারা আরো জানান।