রাজশাহী নার্সিং কলেজ প্রায় তিন মাস অধ্যক্ষহীন থাকায় প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কলেজটির শিক্ষার্থীরা।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির পালন করা হয়।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে অধ্যক্ষ না থাকায় কলেজে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে জটিলতা, স্টাফদের বেতন বন্ধ থাকা ও শিক্ষার্থীদের স্টাইপেন্ড না পাওয়াসহ অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
কর্মসূচিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন তিন দিনের আল্টিমেটাম ঘোষণা করে। সংগঠনটির সভাপতি রাশিদুল ইসলাম বলেন, ৭২ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ নিয়োগ না দিলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স।
সংগঠনটির সদস্যরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।



