সিলেটে হাম পরিস্থিতির অবনতি, আরো ৩ শিশুর মৃত্যু

সিলেটে হাম পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে হাম পরিস্থিতির অবনতি, আরো ৩ শিশুর মৃত্যু
সিলেটে হাম পরিস্থিতির অবনতি, আরো ৩ শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

সিলেটে হাম পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৬ মাস বয়সী শিশু ঈশিতা কাহের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। একই সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া ৯ মাস বয়সী সুস্মিতা মৌলভীবাজার জেলা সদরের এবং একই হাসপাতালে মারা যাওয়া ৯ মাস বয়সী লাবিবা সিলেট নগরীর পীরমহল্লার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। এর মধ্যে ৪ জনের হাম নিশ্চিত হওয়া গেছে। বাকি ৩৬ শিশু হামের উপসর্গে মারা গেছে।

মঙ্গলবার (১৯ মে) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডা: নুরে আলম শামীম।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে নতুন কারো হাম নিশ্চিত না হলেও এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৯২ শিশু। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৮১ জন শিশু।

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ১৬ (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৭৫ ও সিলেটে ৪২ জন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৯২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫, নর্থ ইস্ট হাসপাতালে ১, পার্কভিউ হাসপাতালে ২, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২, মাউন্ট এডোরা হাসপাতালে ১, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শিশু ভর্তি হয়েছে।

এদিকে বর্তমানে বিভাগে চিকিৎসাধীন ২৮১ জন সন্দেহভাজন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৭০, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৭, উইমেন্স মেডিক্যাল হাসপাতালে ২, লায়ন্স শিশু হাসপাতালে ৮, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭, মাউন্ট এডোরা হাসপাতালে ৩, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৮, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন শিশু ভর্তি রয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মুনির জানান, হামের প্রকোপ বাড়ায় ওসমানী হাসপাতালে ২০টি ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড সংযোজন করা হয়েছে।