ময়মনসিংহে ভয়াবহ রূপ নিচ্ছে হামের সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা, বাড়ছে মৃত্যুর মিছিল। এরই মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া তিন মাস বয়সী ওই শিশুটির মৃত্যু হয়। গত ৯ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৪ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৮ শিশু, যা পরিস্থিতির ভয়াবহতারই ইঙ্গিত দিচ্ছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৬১১ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫১৯ শিশু। তবে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ শিশুর—যা জনমনে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। শুধু গত ২৪ ঘণ্টাতেই সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৭২ শিশু।
চিকিৎসকদের ভাষ্য, টিকাদানে অবহেলা ও সচেতনতার ঘাটতিই এই পরিস্থিতির প্রধান কারণ। হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি মারাত্মক আকার ধারণ করছে।
শিশু বিভাগের প্রধান ডা: অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, ‘হাম প্রতিরোধে টিকার বিকল্প নেই। নির্ধারিত সময় অনুযায়ী টিকা নিশ্চিত করতে হবে। পাশাপাশি লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।’
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান
বলেন, ‘গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৪ শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এদিকে, হামের প্রকোপ বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং দ্রুত চিকিৎসা গ্রহণই হতে পারে একমাত্র রক্ষা-কবচ।



