নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের ২৪ নেতাকর্মিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার এওজবালিয়া, কালাদরাপ ও নোয়াখালী পৌরসভা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে সদর উপজেলার বাঁধেরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মিরা একটি মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মব সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিল চলাকালে বাজার এলাকায় কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
ঘটনাটি জেলায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শনিবার বিকেলে তাদের নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।



