ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ধোবাউড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে আল আমিন (১২) ও মাহিন (৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার বাঘবেড় ইউনিয়নের কড়িয়াবাসা ছোটবন গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আল আমিন ও মাহিন হালুয়াঘাট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বাবা-মায়ের সাথে দূর সম্পর্কের এক খালার বিয়ে উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। বিকেলে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে দুই ভাই পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে খাল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘খালে পানিতে ডুবে বাচ্চা দু’টির মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা কোনো অভিযোগ না করায় লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’



