নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক প্রকল্পের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামের আইকিউএসি সেমিনার কক্ষে অধিকতর উন্নয়নে সম্ভব্যতা সমীক্ষা ও মাস্টার প্ল্যান প্রণয়ন শীর্ষক প্রকল্পের অধীনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘ভবিষ্যতে নোয়াখালী অঞ্চল ব্লু-ইকোনোমি ও সমুদ্র বাণিজ্যের হাব হবে। তাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৫০ বছরের মাস্টারপ্ল্যান হাতে রেখে অগ্রসর হতে হবে। এ প্রেক্ষাপটে মাস্টার প্ল্যান প্রণয়ন অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ।’
এ সময় তিনি মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন স্টেট ইউনিভাসির্টির ভিসি অধ্যাপক ড. মো: আখতার হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. সাইফুদ্দিন মোহাম্মদ তারেক প্রমুখ।



