কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরাজীর্ণ ভবন থেকে ছাদের পলেস্তারা খসে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক শিশু ও তার বাবা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতালের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বামনের হাট এলাকার আইরিন বেগমকে দেখতে তার স্বামী রওশন মিয়া ও সন্তান হাসপাতালে আসেন। তারা দ্বিতীয় তলায় পৌঁছানোর পরপরই হঠাৎ ছাদের একটি অংশের পলেস্তারা ভেঙে পড়ে। এতে তারা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
ঘটনাটি ঘটার সাথে সাথে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছে, স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটির বেশিরভাগ কক্ষই এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: মো: তানজিরুল ইসলাম বলেন, দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।


