নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সালু হাজী রোডে অবস্থিত দারুস সালেহ জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ মসজিদটির সংস্কারের শুভ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেন্স ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হান্নান, মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ হালু হাজী রোডসহ আশপাশ এলাকার বাসিন্দারা।
সালু হাজী রোড ও আশাপাশ এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তিন দশক ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এই মসজিদটিতে তারা নামাজ আদায় করতেন। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেটসহ পূর্বাঞ্চলের প্রায় একুশ জেলার যাত্রীরাও এখানেও যাত্রাবিরতি দিতেন এবং নামাজ আদায় করতেন। কয়েক বছর আগে বর্ষায় মসজিদটি পানিতে তলিয়ে যায়। এতে মুসল্লিদের নামাজ আদায়ে কষ্ট হয়। একপর্যায়ে মসজিদটি নামাজ পড়ার অযোগ্য হয়ে পড়ে। বিষয়টি নজরে আসে মেন্স ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হান্নানের। তিনি মসজিদটিকে পুনঃসংস্কারের অভিপ্রায় প্রকাশ করেন। পরে এলাকাবাসীর সম্মতিতে মসজিদটি পুনরায় নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।
মেন্স ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো: আ: হান্নান বলেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালা চাইলে মসজিদটি সুন্দরভাবে আমরা নির্মাণ করবো। যেন আগের মতো মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন।
তিনি বলেন, মসজিদের জন্য জমি, অর্থ, শ্রম, মেধা সব দিয়ে আমরা সহযোগিতা করবো।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, মসজিদ আল্লাহ তায়ালার ঘর। আল্লাহ তায়ালা কাকে দিয়ে মসজিদের খেদমত করাবেন তিনিই জানেন। তবে আমরা সবাই মজজিদের পুনর্নির্মাণ কাজে শরীক হবো ইনশাআল্লাহ। এ সময় তিনি জেলা পরিষদ থেকেও মসজিদের জন্য সহযোগিতার আশ্বাস দেন।



