সিলেটে দীর্ঘ হচ্ছে হাম উপসর্গে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু সাইফান সিলেট সদর উপজেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে হাম আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১ জনে। এর মধ্যে চারজনের হাম নিশ্চিত হওয়া গেছে। বাকি ৩৭ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।
বুধবার (২০ মে) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে নতুন করে আরো নয়জনের হাম নিশ্চিত হওয়া গেছে। এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৯২ শিশু। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৮০ জন শিশু।
১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ১৬ জন (দু’জন রুবেলা), মৌলভীবাজারের ১৬ জন, সুনামগঞ্জের ৮৪ জন ও সিলেটের ৪২ জন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৯২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৬ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০ জন, নর্থ ইস্ট হাসপাতাললে একজন, পার্কভিউ হাসপাতালে একজন, রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে সাতজন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৪ জন ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন শিশু ভর্তি হয়েছে।
এদিকে বর্তমানে বিভাগে চিকিৎসাধীন ২৮০ জন সন্দেহজনক রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৬ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৮ জন, উইমেন্স মেডিক্যাল হাসপাতাল দু’জন, লায়ন্স শিশু হাসপাতালে আটজন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন, মাউন্ট এডোরা হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৪ জন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন শিশু ভর্তি রয়েছে।



