আলি জামশেদ, বাজিতপুর, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের বাজিতপুরে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আপন উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে। তিনি পেশায় জুতার ক্ষুদ্র ব্যবসায়ী ও কারিগর ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পাটুলীঘাট থেকে একটি মালবাহী ট্রাক ফেরিতে ওঠার চেষ্টা করছিল। পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে সরাসরি নদীতে পড়ে যায়। দুর্ভাগ্যবশত, ওই সময় ঘাটে অবস্থান করা আপন ট্রাকটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই উজ্জ্বল দাস জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতির চলছে।
থানার নিবার্হী কর্মকর্তা এসএম শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ট্রাকচাপায় আপন নামের এক যুবককের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে পুলিশ।



