ময়মনসিংহ মেডিক্যালে হামে আরো ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

এ পর্যন্ত হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়াল ২৪। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮২ শিশু।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল |ফাইল ছবি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৩ জন শিশুকে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ মে) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান।

এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়াল ২৪। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮২ শিশু।

জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে মৃত্যুবরণ করা শিশুটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। গত ২৮ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চিকিৎসকদের মতে, সময়মতো টিকা না নেয়া এবং সচেতনতার ঘাটতিই এ পরিস্থিতির অন্যতম কারণ। সাম্প্রতিক সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: আক্তারুজ্জামান বলেন, ‘হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করার কোনো বিকল্প নেই। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি।’