খুলনার কয়রায় সুন্দরবন থেকে একটি মায়াবী হরিণ সুতারখালী নদী পার হয়ে কালাবগী গ্রামে লোকালয়ে প্রবেশ করে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী বন বিভাগকে খবর দিলে তাৎক্ষণিকভাবে হরিণটি উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে হরিণটি লোকালয়ে চলে আসে। খবর পেয়ে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করেন। পরে গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হড্ডা টহল ফাঁড়ির পাশের বনে অবমুক্ত করা হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও খুলনা রেঞ্জ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম জানান, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিণটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে সুস্থ করেই বনে অবমুক্ত করা হয়েছে।
এ সময় নলিয়ান স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বিল্লাল হোসেনসহ বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, বুধবার সকাল ১০টার দিকে নলিয়ান স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন হাড্ডরা খাল এলাকায় ফাঁদে আটকে থাকা একটি হরিণ উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা শেষে সেটিও বনে অবমুক্ত করা হয়। একই অভিযানে পাটাকাটা এলাকা থেকে ২০টি হরিণ ধরার সিটি ফাঁদ উদ্ধার করা হয়।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, বন বিভাগের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।



