বরিশাল প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ও আইনজীবী ইসমাইল হোসেন নেগাবান মন্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার সকাল ৯টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু জানিয়েছেন, শনিবার রাত ৯টায় নগরীর আমানতগঞ্জ টিভি হাসপাতাল মাঠে নামাজে জানাজা শেষে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হবে।
প্রবীণ সাংবাদিক নেগাবান মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও শোক প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান হীরাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু দীর্ঘদিন ডেইলি বাংলাদেশ অবজারভার পত্রিকার বরিশাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বরিশাল আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবেও দায়িত্ব পালন করেন।



