ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের তিন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত কেন্দ্রীয় যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমায়ুন কবির, সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ ও সদস্য জিয়াউর রহমান জিয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ও মাঠপর্যায়ে কাজ করায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়।
কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত আদেশে আরো জানানো হয়, একই অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর ছাড়াও সাতক্ষীরার কালীগঞ্জ ও নোয়াখালীর হাতিয়া উপজেলার কয়েকজন নেতাকেও বহিষ্কার করা হয়েছে।



