নিবন্ধনহীন অনলাইন পোর্টাল বন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

এ অবস্থায় গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ আগামী ১ মে ২০২৬ সন্ধ্যা ৬টার মধ্যে নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টালগুলো দেশী-বিদেশী ডোমেইন থেকে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
এসএমপির বিজ্ঞপ্তি
এসএমপির বিজ্ঞপ্তি |ছবি : নয়া দিগন্ত

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুসরণ না করে পরিচালিত নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বুধবার (২৯ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসএমপি জানায়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল যথাযথ নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে এবং ভুল, অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সংবাদে অপপ্রচার, মানহানিকর তথ্য এবং রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এ অবস্থায় গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ আগামী ১ মে ২০২৬ সন্ধ্যা ৬টার মধ্যে নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টালগুলো দেশী-বিদেশী ডোমেইন থেকে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।

এসএমপি আরো জানায়, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি নিবন্ধনবিহীন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার, লাইক, কমেন্ট বা প্রচার করা থেকেও বিরত থাকার জন্য সিলেট মহানগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

তবে গণমাধ্যম বন্ধে পুলিশের বিজ্ঞপ্তি দেয়ায় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ গণমাধ্যম বন্ধ করার এখতিয়ার রাখে কিনা- এ ব্যাপারে প্রশ্ন তুলেছেন সংবাদকর্মীরা।

এ বিষয়ে এসএমপির দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।