গৌরীপুরে কোরআন অবমাননায় অভিযুক্ত যুবক ঢাকায় গ্রেফতার

বুধবার (২০ মে) ভোর ৫টার দিকে ঢাকার তেজগাঁও থেকে শিল্পাঞ্চল পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
গ্রেফতার শাওন চন্দ্র দাস
গ্রেফতার শাওন চন্দ্র দাস |নয়া দিগন্ত

ময়মনসিংহের গৌরীপুরে পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননার অভিযোগে শাওন চন্দ্র দাস (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) ভোর ৫টার দিকে ঢাকার তেজগাঁও থেকে শিল্পাঞ্চল পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে শাওন কুরআন শরিফের ওপর পা রেখে ছবি তুলে তা নিজের ইমু আইডিতে প্রকাশ করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ময়মনসিংহের ইত্তেফাকুল উলামা গৌরীপুর উপজেলা কমিটির সভাপতি মুফতি নাজিম উদ্দিন গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শাওন চন্দ্র দাস তার ইমো আইডির প্রচ্ছদে পবিত্র কোরআনের ওপর পা রাখার একটি ছবি ব্যবহার করেন। মঙ্গলবার সেই ছবিটির স্ক্রিনশট ফেসবুকের একাধিক আইডিতে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে গৌরীপুর পৌর শহরে দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে পৌর শহরের কেন্দ্রীয় বড় মসজিদে এশার নামাজের পর স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানরা সমবেত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান।

সেখানে ইত্তেফাকুল উলামার উপজেলা সভাপতি মুফতি মো: নাজিম উদ্দিন ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান। প্রশাসনের কর্মকর্তারা তখন দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও শিল্প পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতেই অভিযুক্ত তরুণকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ময়মনসিংহের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

তিনি জানান, গ্রেফতার তরুণের বিরুদ্ধে গৌরীপুর থানায় নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।