সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরে বেসরকারি এতিমখানা ও আশ্রমের মাঝে সাড়ে চার কোটি টাকার চেক বিতরণ করেছেন।
শনিবার (৪ এপ্রিল) জেলা শিশু অ্যাকাডেমি মিলনায়তনে বেসরকারি এতিম খানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘এতিম ও অসহায় শিশুদের কল্যাণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের শিক্ষা, বাসস্থান ও সার্বিক উন্নয়নে এই ধরনের অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরো বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মানুষ হিসেবে গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’
বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো: সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, পুলিশ সুপার জেদান আল মুসা, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছা: নিলুফা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন মো: আসিফ ফেরদৌস। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম।



