ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও আরো তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— নূর হোসেন, সহিদুল ও উজ্জ্বল মিয়া। অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৮ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে আশ্রাব আলীকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে জুলহাস উদ্দিন ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনকে ৩০ হাজার টাকা করে এবং যাবজ্জীবনপ্রাপ্ত তিনজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।



