ফটিকছড়িতে এবার টিলার খাদে মিলল মানুষের মাথার খুলি

চট্টগ্রামের ফটিকছড়িতে পাহাড়ের খাদ থেকে মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ।

Location :

Fatikchhari
ফটিকছড়িতে এবার টিলার খাদে মিলল মানুষের মাথার খুলি
ফটিকছড়িতে এবার টিলার খাদে মিলল মানুষের মাথার খুলি |নয়া দিগন্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়িতে পাহাড়ের খাদ থেকে মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন একটি টিলার খাদ থেকে মাথার খুলিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ডলু আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শিরু আক্তার তার নিখোঁজ ছাগল খুঁজতে পাশের টিলার দিকে যান। সেখানে একটি খাদে সাদা রঙের বস্তু দেখতে পেয়ে কাছে গিয়ে তিনি মানুষের মাথার খুলি শনাক্ত করেন।

আতঙ্কিত হয়ে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেন। পরে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খুলিটি উদ্ধার করে।

উল্লেখ্য, গত শনিবার (৯ মে) একই ইউনিয়নের অন্য একটি টিলা থেকে অজ্ঞাতনামা এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছিল পুলিশ।

বর্তমান ঘটনাস্থল থেকে আগের স্থানটির দূরত্ব মাত্র এক কিলোমিটার।

এলাকাবাসীর ধারণা, উদ্ধারকৃত এই খুলিটি গত সপ্তাহে উদ্ধার হওয়া সেই মাথাবিহীন লাশেরই অংশ হতে পারে।

ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, ‘আমরা একটি মানুষের মাথার খুলি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি গত সপ্তাহে উদ্ধার হওয়া মাথাবিহীন লাশের অংশ হতে পারে। তবে বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ বিশ্লেষণ করা হবে।’

তিনি আরো জানান, এই রহস্যজনক ঘটনার নেপথ্যে কী রয়েছে এবং এর সাথে কারা জড়িত, তা উদ্‌ঘাটনে পুলিশ গুরুত্বের সাথে তদন্ত চালিয়ে যাচ্ছে।