চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের সদস্য মো: জামাল প্রকাশ (৫২) ও তার সহযোগী মো: আব্দুল জব্বারকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) ভোরে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া ও পটিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার জামাল পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের বাসিন্দা। অপর আসামি আব্দুল জব্বার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে নগরীর বাকলিয়া এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্র জানায়, নিহত আইয়ুব আলী দৈনিক ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ২০ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে তিনি বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে বেলা ১১টার দিকে আনোয়ারা থানাধীন শোলকাটা রাস্তার মোড় এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার মালিক মো: আলী আহাম্মদ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে আনোয়ারা থানায় হত্যা, চেতনানাশক দ্রব্য প্রয়োগ ও চুরির অভিযোগে মামলা করেন।
পুলিশের দাবি, জামাল দীর্ঘ ৩০ বছর ধরে আন্তঃজেলা চেতনানাশক চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন থানায় চেতনানাশক দ্রব্য প্রয়োগ, অটোরিকশা চুরি ও হত্যা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘ক্লুলেস এ হত্যা মামলার রহস্য উদঘাটন করে আমরা দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া শেষে আদালতে পাঠানো হবে।’



