ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে খুনি শামীম ওরফে স্বপনের দ্রুত ফাঁসির দাবিতে ধামরাই সেন্ট্রাল স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) প্রথমে বিক্ষোভ মিছিল হয়ে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে নাহিদার পরিবারও অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ধামরাই সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মো: ইসলাম মিয়া, সরকারি প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ছাত্র-ছাত্রীদের থেকে রাশিদুল ইসলাম, অনন্যা আক্তার, স্বর্ণালী আক্তার ও তুয়া আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, নাহিদাকে যেভাবে কুপিয়ে থেতলিয়ে নির্মমভাবে হত্যা করেছে ওই খুনি স্বপন। আমরা মানববন্ধনে অংশগ্রহণ করে খুনি স্বপনের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করতেছি সরকারের কাছে। যাতে ভবিষ্যতে কোনো নারী ও শিশুকে এভাবে খুন না হতে হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ধামরাই পৌর শহরের লাকুড়িয়াপাড়া মহল্লার ৪ তলা ভবনের নিচ তলা একটি ফ্ল্যাটে এই হত্যার ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত নাহিদা আক্তার ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ছিলেন। নিহতের মা প্রবাসী হওয়ায় সে তার নানির সাথে সাবলেট নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন।
এসএসসি শিক্ষার্থী নাহিদাকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি শামিম ওরফে স্বপন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। হত্যার কাজে ব্যবহৃত সিলপাটা ও লুট করা কানের দুল উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার (২৫ এপ্রিল) সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান।



