ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসল দেয়ার নির্দিষ্ট ঘরের উদ্বোধন

‘এমন প্রতিকূল পরিস্থিতিতে চৌধুরী বাড়ির পক্ষ থেকে লাশের গোসল, কাফন ও শেষ বিদায়ের জন্য একটি নির্দিষ্ট স্থান ও ঘর উন্মুক্ত করা অত্যন্ত মহৎ ও বিরল উদ্যোগ।’

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
লাশের গোসল, কাফন ও শেষ বিদায়ের জন্য একটি নির্দিষ্ট স্থান ও ঘর উন্মুক্তকরণ
লাশের গোসল, কাফন ও শেষ বিদায়ের জন্য একটি নির্দিষ্ট স্থান ও ঘর উন্মুক্তকরণ |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের গোসল দেয়ার নির্দিষ্ট ঘরের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ফতুল্লা পারিবারিক মিলনায়তন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘বর্তমানে জমির উচ্চমূল্যের কারণে মানুষ ব্যক্তিগত আঙিনা বা সেবামূলক কাজের জন্য জায়গা ছাড়তে চায় না। ফলে লাশ রেখে গোসল বা জানাজার মতো ধর্মীয় ও মানবিক কাজ নানাভাবে বিঘ্নিত হচ্ছে।’

তিনি বলেন, ‘এমন প্রতিকূল পরিস্থিতিতে চৌধুরী বাড়ির পক্ষ থেকে লাশের গোসল, কাফন ও শেষ বিদায়ের জন্য একটি নির্দিষ্ট স্থান ও ঘর উন্মুক্ত করা অত্যন্ত মহৎ ও বিরল উদ্যোগ। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কেবল সরকারের ওপর নির্ভর না করে নিজেদের উদ্যোগে স্কুল, খেলার মাঠ ও কবরস্থানের জন্য জমি দান করতে হবে।’

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ‘সামাজিক এই কর্মকাণ্ডে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞ।’

জেলা পরিষদের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘ফতুল্লার বড় সমস্যাগুলোর একটি জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার মধ্যে বসবাস করা অসহায় মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি যারা মাদক ও ময়লার বিরুদ্ধে কাজ করছেন, তারাও এসেছেন। আগামী দিনে এসব সমস্যা সমাধানে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।’

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, সমাজসেবক হামিদুর রহমান চৌধুরী, আনিসুল এহসান চৌধুরী, ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, তোফাজ্জল চৌধুরীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Topics