‘সবার আগে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে সরকারের নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো: আক্কাস সিকদার।
জেলা তথ্য অফিসার লেলিন বালার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ, টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের আহবায়ক মো: আল আমিন তালুকদার ও সদস্য সচিব আলোক সাহা।
এছাড়া সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক মানিক রায়, দুলাল সাহাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
সভায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ ও নারীর জন্য গাড়ি প্রদানের মতো উদ্যোগের সুফল তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, গবাদিপশুর অবাধ চলাচল রোধে খোয়ার নির্মাণ, খাল খনন ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গ উল্লেখ করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক কাওছার হোসেন সাংবাদিকদের উন্নয়ন কার্যক্রমে নিরপেক্ষ না থেকে সহযোগিতার আহ্বান জানান।



