চুয়াডাঙ্গায় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাতে ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের বিএডিসি ফার্মে আম কুড়াতে যান সাদ্দাম। এ সময় সেখানে ছিঁড়ে বা ঝুলে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ লেগে তিনি গুরুতর আহত হন।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
মৃত সাদ্দাম হোসেন
মৃত সাদ্দাম হোসেন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) দিবাগত রাত ২টার দিকে জেলা রেলওয়ে স্টেশন সংলগ্ন বিএডিসি ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত সাদ্দাম চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার বাসিন্দা আলম হোসেনের ছেলে।

পারিবারের পক্ষ থেকে বলা হয়, গভীর রাতে ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের বিএডিসি ফার্মে আম কুড়াতে যান সাদ্দাম। এ সময় সেখানে ছিঁড়ে বা ঝুলে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: তারেক জুনায়েদ বলেন, ‘রাত আড়াইটার দিকে সাদ্দামকে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। পরিক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।