নোয়াখালীর সুবর্ণচরে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে ওমর ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার রাতে চরজব্বার থানার পুলিশ উপজেলার চর আমিনুল হক গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফারুক সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের মৃত অজি উল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ওই তরুণীর শারীরিক পরিবর্তন হওয়ায় পরিবারের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়। অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ফারুক বিরিয়ানি খাওয়ানোর কথা বলে তাকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
ভুক্তভোগীর মা বলেন, “অভিযুক্ত ব্যক্তি প্রায়ই আমাদের বাড়িতে যাতায়াত করত। সম্প্রতি তিনি একটি রাজনৈতিক দলের প্রতীক নিয়ে ভোট চাইতেও এসেছিলেন। কয়েকবার বাড়িতে আসায় আমার সন্দেহ হয়। পরে মেয়েকে জিজ্ঞেস করলে সে ধর্ষণের কথা জানায়।”
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “শনিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”



