জাফলংয়ে ৬ হাজার ঘনফুট বালু জব্দ : অবৈধ নৌকা ও মেশিন ধ্বংস

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
জাফলংয়ে ৬ হাজার ঘনফুট বালু জব্দ : অবৈধ নৌকা ও মেশিন ধ্বংস
জাফলংয়ে ৬ হাজার ঘনফুট বালু জব্দ : অবৈধ নৌকা ও মেশিন ধ্বংস |নয়া দিগন্ত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক অবৈধ মেশিন ও নৌকা ধ্বংস করে দেয়া হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় জাফলংয়ের জিরো পয়েন্ট, বল্লাঘাট ও জুমপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। এ সময় গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাফলংয়ের জিরো পয়েন্ট, বল্লাঘাট ও জুমপাড়া এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে স্তূপ করে রাখা প্রায় ৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক অবৈধ মেশিন ও নৌকা তাৎক্ষণিকভাবে ধ্বংস করে অকেজো করে দেয়া হয়। তবে অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, প্রাকৃতিক পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘জাফলংয়ের পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই অবৈধ উপায়ে বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংস করতে দেয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।’