দিনাজপুর জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। লোডশেডিং ও তীব্র গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে ইতোমধ্যে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয় জনগণ।
জানা গেছে, দিনাজপুর জেলায় নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
এর মধ্যে নেসকো’র সরবরাহ কিছুটা থাকলেও পল্লী বিদ্যুতের সরবরাহ একেবারেই অপ্রতুল। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিংয়ের প্রতিবাদে নবাবগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুত অফিস ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক সহিদুর রহমান জানিয়েছেন, বর্তমানে চাহিদার তুলনায় প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। এতে উৎপাদন বজায় রাখতে বাধ্য হয়ে ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করতে হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে উৎপাদন খরচের ওপর। লোডশেডিংয়ের কারণে মিলের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্র জানায়, তাদের চাহিদা ১০০ থেকে ১২২ মেগাওয়াট। কিন্তু বর্তমানে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। ঘাটতি ২৫ থেকে ৩০ মেগাওয়াট থাকছে।



