পিরোজপুরের কাউখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উজিয়ালখান গ্রামের সন্দেহভাজন আতিয়ার রহমানের ছেলে শহীদুল ইসলাম (৪৮) ও কাউখালী কলেজ মোড়ের অস্থায়ী বাসিন্দা আব্দুস সালাম হাওলাদারের ছেলে বেল্লাল হোসেনকে (৩৪) আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় এবং দুইজনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের দুপুরে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।



