ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। যা জনস্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। একই সময়ে নতুন করে ৩২ শিশু ভর্তি হওয়ায় হাসপাতালের ওপর চাপ আরো বেড়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৪ শিশু।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া তিন শিশুই গুরুতর অবস্থায় ভর্তি হয়েছিল। তাদের সবার ক্ষেত্রেই হাম, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে তাদের মৃত্যু হয়। গত ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হাম-সদৃশ উপসর্গ নিয়ে মোট ৯২৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৮৩১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে নতুন করে আক্রান্তের ঢল পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চের মাঝামাঝি থেকে হঠাৎ করেই রোগীর সংখ্যা বেড়ে যায়। বর্তমানে নতুন ভবনের অষ্টম তলায় স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, টিকাদান ঘাটতি ও সচেতনতার অভাবই পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে হাম পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে।



