হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

পুলিশের অভিযানের সময় মাদকসহ এক ব্যক্তিকে আটক করে হাতকড়া পরানো হয়। পরে সংঘবদ্ধ মাদককারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
হাতীবান্ধা থানা
হাতীবান্ধা থানা |নয়া দিগন্ত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদকবিরোধী অভিযানে থাকা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আটক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। পরে তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য সিঙ্গিমারী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হাতীবান্ধা থানা পুলিশ। অভিযানের সময় মাদকসহ এক ব্যক্তিকে আটক করে হাতকড়া পরানো হয়। পরে সংঘবদ্ধ মাদককারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার একপর্যায়ে দুই পুলিশ সদস্যকে মারধর করে আটক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

এর আগে, ২০২৫ সালের জুলাই মাসে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে এক দণ্ডপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার পর একই সংসদীয় আসনের আরেকটি থানায় আবারো পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পুনরায় গ্রেফতারের স্বার্থে ছিনিয়ে নেয়া আসামির নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদককারবারিদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’