কুড়িগ্রামের উলিপুরে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটার কিলন গুঁড়িয়ে দেয়া হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পরিবেশ অধিদফতরের মনিটরিং ও এনফোর্সমেন্ট বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে উপজেলার তবকপুর ইউনিয়নের একটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা এবং গুনাইগাছ ইউনিয়নের একটি ইটভাটাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংক্রান্ত আইনের একাধিক বিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এ সব ব্যবস্থা নেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম। আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
পরিবেশ অধিদফতর জানিয়েছে, বায়ুদূষণ কমানো ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
অভিযান পরিচালনায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ ইটভাটার কারণে পরিবেশ, ফসল, পশুপাখি এবং বিশেষ করে শিশুরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই এ ধরনের অভিযান যাতে অব্যাহত থাকে, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।


