‘আপনারা যা দেখলেন, আমিও তাই দেখলাম। এ ধরনের অভিযান চলবে’—এমন হুঁশিয়ারি দিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
মঙ্গলবার (১৯ মে) সকালের দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বরিশালের বিভিন্ন সরকারি দফতরে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। পরে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল দফতরে যান।
পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী দেখতে পান, দফতরে কোনো কর্মকর্তা উপস্থিত নেই। তবে কয়েকজন কর্মচারী দায়িত্ব পালন করছিলেন। কর্মকর্তাদের অনুপস্থিতিতে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দফতরের সার্বিক কার্যক্রম ও উপস্থিতির বিষয়ে খোঁজখবর নেন।
দফতরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তিনি এবং উপস্থিতি সংক্রান্ত তথ্য নথিভুক্ত করেন। এ সময় সরকারি সেবা কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী।
পরিদর্শন শেষে সাংবাদিকদের রাজীব আহসান জানান, সরকারি দফতরে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শন নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।’
পরিদর্শন শেষে তিনি স্পিডবোটে করে মেহেন্দীগঞ্জের উদ্দেশে রওনা দেন।



