লালমনিরহাটে শুরু হওয়া প্রাণ-আরএফএল চাকরি মেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘বর্তমান সরকার দেশের তরুণ সমাজকে কর্মসংস্থানের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বেকারত্ব দূরীকরণে এ ধরনের চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এসময় তিনি বলেন, ‘দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
সোমবার (১১ মে) লালমনিরহাট জেলা স্টেডিয়ামে চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাকরি মেলাকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীর উপস্থিতিতে জেলা স্টেডিয়াম এলাকায় প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
মেলায় অংশ নেয় দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। বিভিন্ন পদে সরাসরি নিয়োগের সুযোগ থাকায় চাকরি প্রার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উৎসাহ।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চাকরি মেলায় আগত প্রার্থীদের জীবনবৃত্তান্ত গ্রহণ, তাৎক্ষণিক সাক্ষাৎকার এবং যোগ্য প্রার্থীদের প্রাথমিক বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।



