চাঁদপুর জেলা প্রশাসনের অভিযানে শহরের তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ মে) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা নেতৃত্বে চাঁদপুরের ওয়ারলেস বাজার ও চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য এবং আমদানি কারকের সঠিক তথ্য না পাওয়ায় চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ফয়সাল শপিং কমপ্লেক্সে পিক অ্যান্ড পে সব কে ২০ হাজার টাকা, শহরের ওয়ারলেসবাজারে গোসত বিক্রিতে অনিয়ম পাওয়ায় মেসার্স নীরব গোসতের দোকানকে ৫,০০০ টাকা, ওয়ারলেস বাজারে মুরগি বিক্রেতাকে অনিয়মের কারণে দুই হাজার টাকা সহ মোট তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্য প্রতিষ্ঠানসমূহ ও চাঁদপুর শহরের পেট্রোল পাম্পগুলো পরিদর্শন করা হয়। বাংলাদেশ পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।



