ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ দ্রুত সংসদে আইন হিসেবে পাসের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হল চত্বরের সামনে সিটিজেনস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রবীণ নারী নেত্রী ও শিক্ষাবিদ প্রফেসর শাহ শাজেদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক রেবেকা সুলতানা, আইসিডিএর নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, এসইউভিওর নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা, আরোহীর নির্বাহী পরিচালক এ টি এম খোরশেদ আলম, শিশু সংগঠক আখতারুল কবীর এবং সংস্কৃতিকর্মী মো: শামীম হাওলাদার প্রমুখ।
সিটিজেনস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের বরিশাল বিভাগীয় আহ্বায়ক শুভংকর চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা ই-সিগারেটসহ সকল নতুন তামাকজাত পণ্যের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা, বিক্রয়কেন্দ্রে তামাকজাত পণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা এবং তরুণদের লক্ষ করে তামাক বিপণন ও প্রচার কার্যক্রম বন্ধ করার দাবি জানান।
বক্তারা আরো বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি তামাকমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে নিকোটিন আসক্তি থেকে রক্ষায় সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা।



