দখল ও দূষণে মৃতপ্রায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর এলাকার ঐতিহ্যবাহী নয়নের খাল অবশেষে সংস্কার করতে মাঠে নেমেছে প্রশাসন। স্থানীয় গণমাধ্যমে খালটির ভয়াবহ অবস্থা নিয়ে সংবাদ প্রকাশের পর দ্রুত উদ্যোগ নেয় উপজেলা ও পৌর কর্তৃপক্ষ। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির আশা দেখছেন এলাকাবাসী।
বুধবার (১৩ মে) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাসুদুর রহমানের নেতৃত্বে মিরকাদিম পৌরসভার উদ্যোগে মিরাপাড়া বউবাজার সংলগ্ন নয়নের খালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
দিনব্যাপী অভিযান চালিয়ে খালের বুকে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ এবং পানি প্রবাহ স্বাভাবিক করার কাজ শুরু হয়। স্থানীয় সূত্র জানায়, একসময় নয়নের খাল ছিল এলাকার প্রাণ। স্বচ্ছ পানির এ খালে চলত ছোট-বড় নৌকা। স্থানীয়রা দৈনন্দিন নানা কাজে খালের পানি ব্যবহার করতেন। মনোরম পরিবেশের কারণে এলাকাবাসী ভালোবেসে নাম দিয়েছিল নয়নের খাল। কিন্তু বছরের পর বছর দখল ও দূষণে খালটির সেই ঐতিহ্য এখন প্রায় বিলীন।
অভিযোগ রয়েছে, খালের দুই পাড় দখল করে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, গরুর খামার ও বসতঘর। পাশাপাশি অবাধে ফেলা হয়েছে ময়লা-আবর্জনা। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে দুর্গন্ধময় পরিবেশ। কোথাও ৩৫ থেকে ৪০ ফুট প্রশস্ত খাল সংকুচিত হয়ে নেমে এসেছে পাঁচ থেকে ১০ ফুটে, আবার কোথাও খালের অস্তিত্বই চোখে পড়ে না। বৃষ্টি হলেই খালের নোংরা পানি আশপাশের বাড়িঘরে ঢুকে জনদুর্ভোগ সৃষ্টি করে।
সম্প্রতি স্থানীয় একটি পত্রিকায় দখল-দূষণে অস্তিত্ব বিলীনের পথে নয়নের খাল শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপরই শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। দুর্গন্ধে চলাচলও কঠিন হয়ে পড়েছিল। অবশেষে প্রশাসনের উদ্যোগে খাল পরিষ্কার হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন। একই সাথে ভবিষ্যতে যাতে কেউ আবার খালে ময়লা ফেলতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারির দাবি জানান তারা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান বলেন, খালের ময়লার স্তূপ অপসারণের কাজ চলছে। কেউ যাতে ভবিষ্যতে এখানে ময়লা ফেলতে না পারে, সেই জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



