নোয়াখালীতে ৯৩১০ ইয়াবাসহ মাদক কারবারি ‘বুলেট ফারুক’ গ্রেফতার

বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট পূর্ববাজার এলাকার ফেনী-চৌমুহনী মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Location :

Noakhali

নোয়াখালী অফিস
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ওমর ফারুক ওরফে ‘বুলেট ফারুক’কে ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‌্যাবের যৌথ দল। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট পূর্ববাজার এলাকার ফেনী-চৌমুহনী মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার হওয়া বুলেট ফারুক (৪৪) উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লতিফপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বুলেট ফারুকের কোমর থেকে ৫ হাজার ৩১০ পিস এবং তার ব্যবহৃত মোটরসাইকেলের টুলবক্স থেকে আরও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ৯ হাজার ৩১০ পিস।

এ ছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএনসি জানায়, বুলেট ফারুক নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ, পাশাপাশি ফেনীর দাগনভূঞা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ, ফেনীর দাগনভূঞা এবং চট্টগ্রামের সীতাকুণ্ড ও ডবলমুরিং থানায় অস্ত্র মামলাসহ মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”