বরিশালে গোপন সংবাদের ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার ও প্রয়োজনীয় সনদ না থাকার অভিযোগে আটটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে দুই লাখ ৮২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে অবহিত করা হয়। পরে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার, হেলথ এইড মেডিক্যাল সার্ভিসেসকে ১০ হাজার, নোভা মেডিক্যাল সার্ভিসেসকে ১০ হাজার এবং ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বরিশাল সিটি জেনারেল হসপিটালকে ২০ হাজার, গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারকে সাত হাজার, নিউ বেবিলন মেডিক্যাল সার্ভিসেসকে ৫০ হাজার এবং রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল জেলা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।



