দেশ গড়তে দক্ষ ও নীতিবান নেতৃত্ব জরুরি : হামিদুর রহমান আযাদ

হামিদুর রহমান আযাদ বলেন, কেবল জনসংখ্যা নয়, সুশিক্ষা, চরিত্র গঠন ও পেশাগত দক্ষতার সমন্বয়ই একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চট্টগ্রাম মহানগর জামায়াতের থানা ও ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন এ এইচ এম হামিদুর রহমান আযাদ
চট্টগ্রাম মহানগর জামায়াতের থানা ও ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন এ এইচ এম হামিদুর রহমান আযাদ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, একটি টেকসই ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সবার আগে প্রয়োজন দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল মানবসম্পদ।

সোমবার (৫ মে) রাতে নগরীর বিআইএ মিলনায়তনে মহানগর জামায়াতের থানা ও ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, কেবল জনসংখ্যা নয়, সুশিক্ষা, চরিত্র গঠন ও পেশাগত দক্ষতার সমন্বয়ই একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।

মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে এবং আমান উল্লাহ আমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ।

পরে, মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে ইঞ্জিনিয়ার আতাহার উদ্দিন, মামুনুর রশিদসহ জামায়াত নেতারা বক্তব্য রাখেন।

এতে ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আইআইইউসি সভাপতি সিফাত উল্লাহ রায়হান, চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ, মহানগর দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সেক্রেটারি মুহাম্মদ পারভেজ মোশাররফ।

দায়িত্বশীল সমাবেশে মহানগর জামায়াতের সব থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন বিভাগের দায়িত্বশীলসহ মহিলা ও ছাত্রী নেত্রীরা উপস্থিত ছিলেন।